৫১ লাখে সাড়ে ১৬ হাজার টাকার বিটকয়েন
২০১৩ সালে বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রাড় সাড়ে ১৬ হাজার টাকা। পরবর্তী বছরগুলোতে ছিল উত্থানপতন। ২০২০ সাল পার না হতেই দিন দিন বেড়ে গেছে বিটকয়েনের মূল্য।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে বর্তমানে একটি বিটকয়েনের মূল্য বেড়ে হয়েছে ৬০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ লাখ টাকা।
গবেষণা প্রতিষ্ঠান 'স্টাটিস্টা'র তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুনে এই একটি বিটকয়েনের মূল্য ছিল ১০ লাখ টাকার কিছুটা বেশি। সেই তুলনায় গতবছরের সেপ্টেম্বরে বিটকয়েনের মূল্য কমে হয়েছিল ৯ লাখ টাকার কিছুটা বেশি। তবে এর পরের মাস থেকে বৃদ্ধি পেতে থাকে বিটকয়েনের মূল্য।
পরিসংখ্যান বলছে, বিগত ৬ মাসে প্রচলিত মানগুলোর সবকটিকে ছাড়িয়ে গিয়েছে এই ক্রিপ্টোকারেন্সি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ব্যক্তি থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আর্থিক সুবিধা পাওয়ার লক্ষ্যে এর পেছনে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। যা বিটকয়েনের দাম ওঠার পেছনের মূল কারণ।
বিটকয়েন কেনা এবং এতে বিনিয়োগের জন্য গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদার বাস্তবতায়, গোল্ডম্যান স্যাকস গ্রুপ এই সপ্তাহেই জানান দিয়েছে, প্রতিষ্ঠানটি আইনী কাঠামোর মধ্যে থেকেই এই গ্রাহকদের চাহিদা কীভাবে মেটানো যায় সেই পথগুলো খতিয়ে দেখছে।





